জেটিভি নিউজ বাংলা
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নানা অপশক্তি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। তবে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি সবার স্থান নিশ্চিত করেছে। আর সেই ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর দেখানো পথেই এগিয়ে যাবে বাংলাদেশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে তিন ধর্মীয় ট্রাস্টের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, জাতীয়তাবাদ ও সম্প্রীতির চেতনায় বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা একে অপরের সঙ্গে আদান-প্রদানের মাধ্যমে একটি জাতিসত্তায় পরিণত হয়েছি। এই জাতিসত্তার একটি দার্শনিক রূপ দিয়েছিলেন জিয়াউর রহমান।
তিনি বলেন, আমাদের প্রতিটি ধর্মীয় সম্প্রদায় এবং প্রতিটি বর্ণের মানুষের এখানে নিজস্ব জায়গা রয়েছে। প্রত্যেকেই গর্ব করে বলতে পারেন, আমরা বাংলাদেশি।
রিজভী বলেন, কিন্তু আজ নানা ধরনের শক্তি এবং বিভিন্ন চক্রান্তকারী আমাদের এই অটুট বন্ধন, সম্প্রীতির বন্ধন এবং ঐতিহ্য ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।
তিনি বলেন, তবে আমরা বিশ্বাস করি—হিন্দু, মুসলমান, খ্রিস্টান ও বৌদ্ধ; সবাই একসঙ্গে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাব। আমাদের এই অটুট বন্ধন যুগ যুগ ধরে টিকে থাকবে। আমরা একে অপরের পূজা-পার্বণে অংশগ্রহণ করি।
ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য এই ট্রাস্ট গঠন করা হয়েছে উল্লেখ করে রিজভী এর সাফল্য কামনা করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সফু, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান নিপুণ রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা বিজন ক্রান্তি রায়, সংরক্ষিত নারী আসনের এমপি সুবর্ণা সিকদার, আন্না মিনজ ও মাধবী মারমা।
জেটিভি নিউজ বাংলা
সত্য,সাহস,সংযোগ……
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম