অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম: রিজভী
নিজস্ব প্রতিবেদক
অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম অনেক কম বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশের তুলনায় জ্বালানি তেলের দাম বাংলাদেশে অনেক কম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে। আমরা জ্বালানিতে ভর্তুকি দিচ্ছি। মূল্য সমন্বয় করার পরও লোকসান গুনতে হচ্ছে।’
তিনি বলেন, ‘প্রতি লিটার ডিজেল কিনতে হয় ২৫০ টাকায়। দাম সমন্বয় করার পরও লিটারপ্রতি ৭০ টাকা লোকসান হবে। সরকার আন্তরিকতার সঙ্গে জ্বালানি সংকট নিরসনে চেষ্টা করছে।’
দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
রিজভী বলেন, ‘দেশে অস্থিতিশীলতার জন্য কৃত্রিমভাবে অরাজকতা তৈরির চেষ্টা করা হচ্ছে। পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। এর সঙ্গে পতিত স্বৈরাচারের যোগসাজশ থাকতে পারে। এ বিষয়ে দেশবাসীসহ সমর্থকরা ওয়াকিবহাল।’
তিনি আরও বলেন, ‘সামাজিক উন্নয়ন কর্মসূচিসহ জনকল্যাণমূলক পদক্ষেপ ভিন্ন খাতে নিতে ষড়যন্ত্র করা হচ্ছে। জ্বালানি সংকট নিরসনে সমাধানের কথা প্রত্যাশা করি বিরোধীদের কাছ থেকে।’
লংমার্চে বিএনপিসহ সরকারের বিরুদ্ধে যে ভাষা ব্যবহার করা হয়েছে, তা কাম্য নয় বলেও মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘জনগণের স্বার্থে নেওয়া উদ্যোগকে ব্যঙ্গ করছে কেউ কেউ।’
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘ফ্যাসিবাদের যারা দোসর তারা প্রশাসনের মধ্যে থেকে স্যাবোটেজ করার চেষ্টা করছে। গোপন কক্ষে পরাজিত শক্তির সঙ্গে কেউ হাত মিলিয়েছে কি না, তা নিয়ে সন্দেহ আছে।’
জেটিভি নিউজ বাংলা
সত্য,সাহস, সংযোগ…..
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম