জনস্বার্থের প্রতিটি আন্দোলনের বিরোধিতা করেছে জামায়াত: রিজভী
নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা
দেশের জনস্বার্থে সংঘটিত সব আন্দোলনের বিরোধিতা বাংলাদেশ জামায়াতে ইসলামী করেছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধীদলের ভূমিকা’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ দাবি করেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের জনস্বার্থ, জাতীয়তাবাদী আন্দোলন এবং এ দেশের জনগোষ্ঠী তাদের আত্মনিয়ন্ত্রণের জন্য যে আন্দোলন করেছে, প্রতিটিরই বিরোধিতা করেছে জামায়াত।’
জামায়াতে ইসলামী বারবার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘জনগণের সঙ্গে আপনারা বারবার প্রতারণা করার কারণে কোনো দিন জনগণের চূড়ান্ত আস্থা লাভ করতে পারেননি। এটাই হচ্ছে তাদের দুর্ভাগ্য।’
সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনাগুলোর প্রসঙ্গ তুলে রিজভী অভিযোগ করেন, এসব ঘটনায় পতিত স্বৈরাচারের পাশাপাশি বিরোধী দলের আত্মস্বীকৃত সন্ত্রাসীরাও দায়ী।
তিনি আরও বলেন, অপপ্রচার চালিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত করা যাবে না। বিরোধী দলের কর্মসূচি কোনো ধরনের বাধার মুখে না পড়াই প্রমাণ করে, দেশে গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে।
জেটিভি নিউজ বাংলা
সত্য,সাহস, সংযোগ…..
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম