পুলিশ পরিদর্শকের ওপর ছিনতাইকারীদের হামলা, রাতে একা চলাচলে খুলনা পুলিশের নিষেধাজ্ঞা
খুলনায় পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত হওয়ার ঘটনার পর রাতে পুলিশ সদস্যদের একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) রাতে খুলনা জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) পুলিশ সুপারের স্বাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনাপত্রে বলা হয়েছে, চলমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় খুলনা জেলার রূপসা, তেরখাদা, দিঘলিয়া ও বটিয়াঘাটা থানা এলাকায় বর্তমানে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা পরিলক্ষিত হওয়ায় তাঁদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা জরুরি হয়ে পড়েছে।
এ পরিস্থিতিতে বিশেষ অভিযানসহ অন্যান্য দায়িত্ব পালনের সময় রাতে কোনোভাবেই যেন পুলিশ সদস্যরা একা চলাচল না করেন, তা নিশ্চিত করতে ইউনিটপ্রধানদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্ব পালনকালে সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ইউনিট ইনচার্জদের নির্দেশনা দেওয়া হয়েছে।
খুলনা পুলিশ সুপার কার্যালয়ের ডিএসবি থেকে জারি করা এ নির্দেশনার স্মারক নম্বর ৫০৬২। নির্দেশনাপত্রের অনুলিপি জেলা পুলিশের সংশ্লিষ্ট সব দপ্তর ও থানায় পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নির্দেশ দেওয়া হয়েছে।
খুলনার পুলিশ সুপার ওমর ফারুক বলেন, পুলিশ পরিদর্শক শাহ আলমের ওপর ছিনতাইকারীর হামলায় তাঁর হাতের আঙুল কেটে ফেলতে হতে পারে। তাঁর অবস্থা এতটাই গুরুতর ছিল। এ কারণে রাতের বেলায় সতর্কতার সঙ্গে চলাচল নিশ্চিত করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, পুলিশ কর্মকর্তারা যেন নতুন করে এ ধরনের হামলার শিকার না হন, সে জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে। আহত পুলিশ কর্মকর্তা বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন শঙ্কামুক্ত।
খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস—ভারপ্রাপ্ত) এম এম শাকিলুজ্জামান বলেন, পুলিশের সব সদস্যের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। এ বিষয়ে তাঁরা সচেতন রয়েছেন।
এদিকে, পুলিশ কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন রিপন বলেন, এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক উপপরিদর্শক (এসআই) বাদী হয়ে শুক্রবার দিবাগত রাতে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে খুলনা নগরীর খানজাহান আলী রোডে খুলনা কলেজিয়েট স্কুলের সামনে ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩)।
গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁর ওপর হামলার ঘটনার পর পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা জোরদার এবং রাতে একা চলাচল বন্ধে এ নির্দেশনা জারি করা হলো।
জেটিভি নিউজ বাংলা
সত্যের সঙ্গে, মানুষের পাশে…..
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম