হালুয়াঘাট সীমান্তে বিজিবির ওপর হামলা, গুলিতে নিহত ১
নিজস্ব প্রতিবেদক
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর টহলদলের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবির গুলিতে এক চোরাকারবারি নিহত হয়েছেন। হামলায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন।
সোমবার (১২ অক্টোবর) ভোর ৫টা ৪৫ মিনিটে হালুয়াঘাট উপজেলার তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। ৩৯ বিজিবির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে পণ্য জব্দ করে বিজিবির একটি টহলদল। জব্দ করা পণ্য নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা টহলদলের ওপর হামলা চালায়।
বিজিবির দাবি, প্রথমে হামলাকারীদের মৌখিকভাবে সতর্ক করা হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এরপরও হামলা অব্যাহত থাকলে আত্মরক্ষার্থে গুলি চালান বিজিবি সদস্যরা। এতে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন।
পরে গুলিবিদ্ধ ওই ব্যক্তিকে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত বিজিবি সদস্যের নাম-পরিচয় ও শারীরিক অবস্থা সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়নি।
সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি আরও জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেটিভি নিউজ বাংলা
সত্যের সঙ্গে, মানুষের পাশে…….
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম