কক্সবাজারের টুপটুপ রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬
কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের মেরিন ড্রাইভ এলাকায় ইনানী বিচের টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আরও ৭ থেকে ৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুনে পুরো রিসোর্টটি পুড়ে গেছে। রিসোর্টের পাশেই নিহতদের মরদেহ রাখা হয়েছে। ধ্বংসস্তূপের মধ্যে আরও কোনো মরদেহ রয়েছে কি না, তা খুঁজে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
ঘটনাস্থলে প্রশাসন, ফায়ার সার্ভিস, টুরিস্ট পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা রয়েছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৭টা ২৫ মিনিটে কক্সবাজারের ইনানী বিচের টুপটুপ রিসোর্টে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস স্টেশন থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১৮ কিলোমিটার। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হন এবং সকাল ৮টায় সেখানে পৌঁছান।
উখিয়া ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের প্রচেষ্টায় সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ঘটনাস্থল থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সংবাদমাধ্যমকে জানান, কী কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
জেটিভি নিউজ বাংলা
সত্যের সঙ্গে, মানুষের পাশে।
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম