সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ ৫ জন নিহত, আহত অন্তত ৮
চট্টগ্রাম প্রতিনিধি | জেটিভি নিউজ বাংলা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ যাত্রী লরিচাপায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে উপজেলার ছোট কুমিরা এলাকায় রয়েল সিমেন্ট গেটের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
আহতদের মধ্যে ফাতেমা (৪০) ও তাঁর আট বছর বয়সী ছেলে রাকিব রয়েছেন। তাঁদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার শিবাশ্রম এলাকায়।
ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের ফাইটার মোহাম্মদ রফিকুল ইসলাম দুর্ঘটনার বিবরণ দিয়ে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মহাসড়কের পাশে থামানো ছিল। বাসটি মেরামতের জন্য যাত্রীরা বাস থেকে নেমে সড়কের পাশে অবস্থান করছিলেন।
এ সময় ঢাকা অভিমুখে যাওয়া একটি লরি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ওই যাত্রীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোট পাঁচজন নিহত হয়েছেন এবং অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
জেটিভি নিউজ বাংলা
সত্যের সঙ্গে, মানুষের পাশে………
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম