আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, কাভার্ডভ্যানে আগুন
নিজস্ব প্রতিবেদক, জেটিভি নিউজ বাংলা।
৩০ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ ও ব্ল্যাকলিস্টিং বন্ধের দাবিতে আন্দোলন; পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ, আহত এক পুলিশ সদস্য, আটক দুই
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, শ্রমিকদের ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে ঢাকার আশুলিয়ায় ব্যাপক বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। সোমবার (২ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মবিরতি, বিক্ষোভ, পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে। এ সময় বিক্ষোভকারীরা একটি কাভার্ডভ্যানে আগুন দেন। শ্রমিক অসন্তোষের কারণে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকার বেশ কয়েকটি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
নিউএজ গ্রুপের কারখানা থেকে বিক্ষোভের সূত্রপাত
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকেই নিউএজ গ্রুপের একটি কারখানার শ্রমিকেরা কর্মবিরতি পালন শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে তাঁরা কারখানা থেকে বেরিয়ে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার সামনে গিয়ে বিক্ষোভ করেন তাঁরা। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
হা-মীম গ্রুপের কারখানার সামনে পুলিশের সঙ্গে সংঘর্ষ
আন্দোলনরত শ্রমিকিকেরা
একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকেরা হা-মীম গ্রুপের কারখানার সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এরপর শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলের আঘাতে পুলিশের এক সদস্য আহত হন।
জিরাবো ও কাঠগড়া সড়কে বিক্ষোভ, ছুটি ঘোষণা কারখানায়
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জিরাবো এলাকা থেকে কাঠগড়া সড়কের পাশে বেঙ্গল প্লাস্টিক পাইপস লিমিটেডের কারখানার সামনেও বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় তাঁরা কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে জিরাবো থেকে কাঠগড়া সড়কের পাশে অবস্থিত বিভিন্ন কারখানার সামনে গিয়ে বিক্ষোভ চালিয়ে যান তাঁরা। শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ায় ওই এলাকার কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
ঘোষবাগে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া
অন্যদিকে সকাল ১০টার দিকে আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের ঘোষবাগ এলাকায় বিভিন্ন কারখানার সামনে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে ওই এলাকার পরিস্থিতিও উত্তপ্ত হয়ে ওঠে।
নরসিংহপুরে কাভার্ডভ্যানে আগুন
পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে বেলা সাড়ে ১১টার দিকে। আশুলিয়ার নরসিংহপুর এলাকায় বিক্ষোভকারী শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে একটি কাভার্ডভ্যানে আগুন দেন শ্রমিকেরা। এ ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনা আরও ছড়িয়ে পড়ে।
দুপুর ১টায় আবারও সংঘর্ষ, আটক দুই
এদিকে দুপুর ১টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারী শ্রমিকদের আবারও পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সদস্যরা কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেন। পরে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করে পুলিশ।
পুলিশের বক্তব্য: বহিরাগত দুষ্কৃতকারীদের যোগ দেওয়ার তথ্য রয়েছে
এ বিষয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, আশুলিয়া ও সাভার এলাকার অনেক কারখানায় চলমান শ্রমিক অসন্তোষের ধারাবাহিকতায় শ্রমিকেরা কাজ না করে কারখানা থেকে বের হয়ে গেছেন। আশপাশের যেসব কারখানায় কাজ চলছিল, সেখান থেকেও শ্রমিকদের বের করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অনেক শ্রমিক সড়কে নেমে ব্যারিকেড দিচ্ছেন, আগুন জ্বালাচ্ছেন এবং যানবাহনে অগ্নিসংযোগের চেষ্টা করছেন। নরসিংহপুর, বিশমাইল ও কাঠগড়া এলাকার অধিকাংশ কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
পুলিশ সুপার আরও জানান, আন্দোলনে অনেক বহিরাগত দুষ্কৃতকারী যোগ দিয়েছেন বলে তাঁদের কাছে তথ্য রয়েছে। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম ব্যাহত
শ্রমিকদের বিভিন্ন দাবিকে কেন্দ্র করে আশুলিয়া ও সাভারের শিল্পাঞ্চলে চলমান অসন্তোষের কারণে একাধিক কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ, সড়কে ব্যারিকেড, পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় শিল্পাঞ্চলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
শ্রমিকদের দাবি ও চলমান অসন্তোষের প্রেক্ষাপটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।
জেটিভি নিউজ বাংলা
সত্যের সঙ্গে, মানুষের পাশে……
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম