ভাঙ্গায় দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রি হচ্ছে নিলামে, মূল্য নির্ধারণ ৩ লাখ ২৭ হাজার টাকার বেশি
নিজস্ব প্রতিবেদক | ফরিদপুর
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির গাছ নিলামে বিক্রির উদ্যোগ নিয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস। এ লক্ষ্যে গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, উপজেলার ১৫ নম্বর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৭৪ নম্বর মানিকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রজাতির গাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
এর মধ্যে ১৫ নম্বর আলগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছগুলোর প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৯৭ টাকা। অন্যদিকে, ৭৪ নম্বর মানিকদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছগুলোর প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৪২ হাজার ৩০০ টাকা। সব মিলিয়ে দুটি বিদ্যালয়ের গাছের প্রাক্কলিত মূল্য দাঁড়িয়েছে ৩ লাখ ২৭ হাজার ৩৯৭ টাকা।
নিলামে অংশগ্রহণে আগ্রহী ক্রেতারা আগামী ৯ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নির্ধারিত মূল্যে দরপত্রের সিডিউল সংগ্রহ করতে পারবেন।
দরপত্র জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১০ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১২টা পর্যন্ত। একই দিন দুপুর ২টায় দরদাতাদের উপস্থিতিতে দরপত্র বাক্স খোলা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ ছাড়া নিলাম কার্যক্রম পরিচালনার অন্যান্য শর্ত ও নিয়মাবলি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আগ্রহী দরদাতাদের নির্ধারিত সময়ের মধ্যে সিডিউল সংগ্রহ ও দরপত্র জমা দেওয়ার জন্য বিজ্ঞপ্তির নির্দেশনা অনুসরণ করতে হবে।
নিলাম বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় নিলাম কমিটির সদস্যসচিব মলয় কুমার বর্মন।
জেটিভি নিউজ বাংলা
সত্যের সঙ্গে, মানুষের পাশে…….
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম