চণ্ডীপাঠ, শঙ্খধ্বনি ও মঙ্গলঘটে মহালয়া উদযাপন, শুরু দেবীপক্ষের
নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা
ছবি সংগৃহীত
চণ্ডীপাঠ, মঙ্গলঘট স্থাপন এবং ঢাক-কাঁসা ও শঙ্খের ধ্বনিতে দেবী দুর্গাকে মর্ত্যে আগমনের আহ্বান জানানোর মধ্য দিয়ে দেশে উদযাপিত হয়েছে পবিত্র মহালয়া। এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটেছে পিতৃপক্ষের এবং সূচনা হয়েছে দেবীপক্ষের। একই সঙ্গে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিক ক্ষণগণনা।
মহালয়া উপলক্ষে শনিবার (১০ অক্টোবর) ভোরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেবীপক্ষের সূচনালগ্নের এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
শনিবার ভোর ৬টা থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মহালয়ার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর সকাল ৭টা ৩০ মিনিটে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় তিল-তর্পণ এবং সকাল ৯টায় বিশেষ প্রার্থনা ও মহালয়ার ঘট স্থাপনের আয়োজন রাখা হয়।
পূজা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এবার সারাদেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ছয় দিনব্যাপী মূল দুর্গোৎসব। আগামী ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গাপূজার আয়োজন।
মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা হওয়ায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে দুর্গাপূজাকে ঘিরে শুরু হয়েছে উৎসবের আমেজ। মহাষষ্ঠী থেকে শুরু করে বিজয়া দশমী পর্যন্ত বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে শারদীয় দুর্গোৎসব।
জেটিভি নিউজ বাংলা
সত্যের সঙ্গে, মানুষের পাশে…...
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম