সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মা ও ৯ মাসের মেয়ের মৃত্যু, আহত ৩
সিলেট প্রতিনিধি: সিলেট-ভোলাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় ইজিবাইকে থাকা এক নারী ও তাঁর ৯ মাস বয়সী মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিলেট সদর উপজেলার কাকুয়ারপাড় এলাকায় কেওয়াছড়া সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিলেট নগরের শাহপরান এলাকার বাসিন্দা সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তাঁর ৯ মাস বয়সী মেয়ে ইনায়া জান্নাত।
যেভাবে ঘটল দুর্ঘটনা
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী সাদাপাথর পরিবহনের একটি বাস ঘটনাস্থলে অন্য একটি গাড়িকে অতিক্রম করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। বাসের ধাক্কায় ইজিবাইকটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা সুমাইয়া সিদ্দিকা তানিয়া ও তাঁর শিশু মেয়ে ইনায়া জান্নাতের মৃত্যু হয়।
এ দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন আহত হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
পুলিশের বক্তব্য
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, ভোলাগঞ্জ থেকে সিলেট শহরের দিকে আসা সাদাপাথর পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা ইজিবাইককে ধাক্কা দিলে সেটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ের মৃত্যু হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
চালক ও হেলপার পলাতক, যানবাহন জব্দের প্রক্রিয়া চলছে
দুর্ঘটনার পর বাসের চালক ও হেলপার গাড়ি ফেলে পালিয়ে যান। দুর্ঘটনাকবলিত বাস ও ইজিবাইক জব্দ করে থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
পলাতক বাসচালক ও হেলপারকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
জেটিভি নিউজ বাংলা
সত্যের সঙ্গে, মানুষের পাশে……
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম