নেত্রকোণার দুর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যা, ঘটনাস্থল থেকে গুলির খোসা ও তাজা গুলি উদ্ধার
নিজস্ব প্রতিনিধি
নেত্রকোণার দুর্গাপুরে লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির নামে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে উপজেলার বিরিশিরির উৎরাইল এলাকার তেলুনজিয়া গ্রামে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির একজন সাবেক সেনাসদস্য। তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজের কর্ণধার ছিলেন।
এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরির উৎরাইল এলাকায় অবস্থান করছিলেন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমদ খান জানান, লুৎফুজ্জামানকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করা হয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। আলামত সংগ্রহ ও তদন্ত কার্যক্রম শেষে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এদিকে, জনবহুল এলাকায় এ ধরনের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। একই সঙ্গে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকিরকে কী কারণে এবং কারা গুলি করে হত্যা করেছে, তা উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুর্বৃত্তদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।
তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তদন্ত ও আলামত সংগ্রহের পর এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বিস্তারিত আসছে…
জেটিভি নিউজ বাংলা
সত্যের সঙ্গে, মানুষের পাশে…….
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম