শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই ফেরত চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জেটিভি নিউজ বাংলা।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই হস্তান্তর চায় বাংলাদেশ। ব্যক্তিগতভাবে পাসপোর্টের আবেদন কিংবা অন্য কোনো প্রক্রিয়ায় নয়, ভারতের কাছ থেকে আইনি প্রক্রিয়ায় তাকে ফেরত আনার অবস্থানে রয়েছে সরকার। এ কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনার পক্ষে লন্ডনভিত্তিক আইনজীবীদের আইনি প্রতিনিধিত্ব দেওয়ার বিষয়েও কঠোর অবস্থান তুলে ধরেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, শেখ হাসিনার মতো একজন পলাতক আসামির আইনি প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে আইনজীবীদের কিছু নৈতিক ও আদর্শিক সীমারেখা থাকা উচিত। শুধু অর্থ উপার্জনের বিষয়টি বিবেচনা না করে নৈতিকতার দিকটিও মাথায় রাখা প্রয়োজন।
তিনি বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে বিচার হয়েছে এবং সাজাও ঘোষণা করা হয়েছে। তিনি যেভাবে দেশ ছেড়ে পালিয়েছেন, সেভাবে ফিরে আসার কোনো ইতিহাস নেই। বরং তার পালিয়ে যাওয়ার ইতিহাস রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিভিন্ন ল’ ফার্ম এখন ক্লায়েন্ট পাওয়ার জন্য প্রতিযোগিতা করছে। কিন্তু বাংলাদেশে হাজার হাজার মানুষ হত্যার শিকার হয়েছেন। দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের দেড় মাসে আরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এ অবস্থায় ক্লায়েন্টের অর্থের পেছনে না ছুটে বাংলাদেশের মানুষের প্রতি আইনজীবীদের কিছুটা নৈতিক দায়িত্ববোধ দেখানো উচিত।
তার ভাষ্য, অনেক সময় না বুঝে কিংবা সবকিছু জেনেশুনেও কেবল অর্থ উপার্জনের প্রক্রিয়া চলতে থাকে। এ ধরনের প্রবণতা বন্ধ হওয়া প্রয়োজন।
যুক্তরাজ্যে শেখ হাসিনার আইনি প্রতিনিধিত্বের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দেশটির নাগরিকত্ব, অভিবাসননীতি, জাতীয় নিরাপত্তা এবং জননিরাপত্তার বিষয়গুলো বিবেচনায় নিতে হবে। যে দেশে আইনজীবীরা অবস্থান করছেন, সেই দেশের আইন কীভাবে শেখ হাসিনার মতো ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, তা তাদের বোঝা উচিত। তার দাবি, শেখ হাসিনা সাধারণ কোনো ব্যক্তির পর্যায়ে পড়েন না।
তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। সন্ত্রাসবাদ এবং নাশকতামূলক কর্মকাণ্ড দিল্লিতে বসে পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সরকারের উদ্বেগ রয়েছে। যুক্তরাজ্যে এ ধরনের বিষয়ে ভালো আইন রয়েছে এবং দেশটির আইনি কাঠামো যথেষ্ট কার্যকর।
শেখ হাসিনাকে সাধারণ কোনো বাণিজ্যিক ভ্রমণকারী হিসেবে বিবেচনা করার সুযোগ নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, তার বিচার হয়েছে, সাজা হয়েছে এবং আরও একাধিক মামলার বিচার ও সাজা বাকি রয়েছে। এসব বিচার উন্মুক্ত আদালতে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনার নতুন পাসপোর্টের জন্য আবেদনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হুমায়ুন কবির বলেন, আবেদন করলেই বা কী আসে যায়? যে কেউ চাইলে আইনজীবীর মাধ্যমে আবেদন করতে পারেন। কিন্তু একজন সন্ত্রাসবাদে জড়িত ব্যক্তির ক্ষেত্রে শুধু আবেদন করার বিষয়টি কোনো পরিবর্তন আনে না।
তিনি বলেন, আইনগতভাবে যে কারও পক্ষে আইনি প্রতিনিধিত্ব দেওয়া সম্ভব। তবে একজন আইনজীবী তার মক্কেল কী ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত, তা বিবেচনা করলে নৈতিকভাবে লজ্জিত হওয়ার কথা। আইনি, নৈতিক ও আদর্শিক দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থান স্পষ্ট—শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে ফিরিয়ে আনা প্রয়োজন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা নিজেই নিজের পাসপোর্টের জন্য আবেদন করেছেন বলে জানা গেছে। কিন্তু বিষয়টি শুধু পাসপোর্ট পাওয়ার নয়। একজন অপরাধী, যাকে তিনি সন্ত্রাসী হিসেবেও আখ্যায়িত করেছেন, তিনি নিজের পাসপোর্ট নিয়ে দেশে ফিরে আসবেন—এমন প্রক্রিয়াকে সরকার গ্রহণ করছে না। বাংলাদেশ তাকে হস্তান্তরের দাবি জানাচ্ছে। তিনি বেড়াতে কিংবা আত্মীয়ের বাড়িতে আসবেন না; তাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে।
সাজা কার্যকরের বিষয়ে হুমায়ুন কবির বলেন, শেখ হাসিনার সাজা কার্যকর করা হবে। তিনি যে দেশ থেকে বাংলাদেশে ফিরতে চান, সে ক্ষেত্রে বাংলাদেশের প্রসিকিউশন টিম ভারতের কাছে প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে হস্তান্তরের দাবি জানাবে।
তিনি প্রশ্ন তুলে বলেন, কেউ কি নিজে থেকে বলবেন, তিনি অনেক মানুষকে হত্যা করেছেন, তার সাজা প্রস্তুত রয়েছে এবং তাকে দেশে নিয়ে গিয়ে সাজা কার্যকর করা হোক? তার মতে, যারা অপরাধ করে দেশ ছেড়ে পালিয়ে যায়, তাদের ক্ষেত্রে এ ধরনের স্বেচ্ছায় ফিরে আসার প্রত্যাশা বাস্তবসম্মত নয়।
আওয়ামী লীগের নেতাকর্মী ও শেখ হাসিনার পরিবারের সদস্যদের প্রসঙ্গ টেনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগের লুটপাটে জড়িত ব্যক্তিদের অনেকেই পলাতক। তার অভিযোগ, এসব ব্যক্তির বিরুদ্ধে দেশের সম্পদ লুটপাট, জায়গা ও বাড়ি দখল এবং হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের কারণে বাংলাদেশের মানুষের মধ্যে তাদের প্রতি ঘৃণা তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি। তার দাবি, বিশ্বজুড়েও নৈতিকতাসম্পন্ন মানুষ এ ধরনের কর্মকাণ্ডকে ঘৃণা করেন।
তিনি বলেন, রাজনৈতিকভাবে বিভিন্ন দিক থেকে পালিয়ে থাকা ব্যক্তিদের নিয়ে রাষ্ট্রীয়ভাবে অতিরিক্ত সময় ব্যয় করার প্রয়োজন নেই। ইতোমধ্যে একটি মামলায় রায় হয়েছে, আরও অনেক মামলা বিচারাধীন রয়েছে। তবে সাজা কার্যকর করতে হলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রয়োজন।
এ কারণেই ভারতের কাছ থেকে প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তর করাই বাংলাদেশের প্রত্যাশা বলে আবারও স্পষ্ট করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
জেটিভি নিউজ বাংলা
সত্যের সঙ্গে, মানুষের পাশে……
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম