যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারে পোশাক রফতানিতে বড় প্রবৃদ্ধি, চার মাসে আয় ১ হাজার ৩৭৪ কোটি ডলার
নিজস্ব প্রতিবেদক | জেটিভি নিউজ বাংলা
বিশ্ববাজারে নানা ধরনের অর্থনৈতিক অনিশ্চয়তা ও প্রতিযোগিতার মধ্যেও দেশের তৈরি পোশাক (আরএমজি) রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি ধরে রেখেছে বাংলাদেশ। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) তৈরি পোশাক রফতানি থেকে আয় হয়েছে ১ হাজার ৩৭৪ কোটি ৬৩ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ১ হাজার ২৯৯ কোটি ৪ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশের পোশাক রফতানি আয় বেড়েছে ৫ দশমিক ৮২ শতাংশ।
তবে সামগ্রিক রফতানি প্রবৃদ্ধির পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের পোশাক রফতানির চিত্রেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও অপ্রচলিত বাজারগুলোতে রফতানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। অন্যদিকে দেশের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়নে প্রবৃদ্ধির গতি তুলনামূলক কম। বাজারভিত্তিক এ পরিবর্তনের ফলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ওপর বাংলাদেশের পোশাকশিল্পের নির্ভরতা কিছুটা কমেছে।
রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যের ভিত্তিতে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।
নিট পোশাকে প্রবৃদ্ধি বেশি, ওভেনেও ইতিবাচক ধারা
পোশাক শ্রমিকেরা কর্মব্যস্ত সময়ে
পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে নিট পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ওভেন পোশাকের তুলনায় বেশি। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত নিট পোশাক রফতানি করে আয় হয়েছে ৭৭৩ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ খাতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৭৯ শতাংশ।
অন্যদিকে ওভেন পোশাক রফতানি থেকে আয় হয়েছে ৬০২ কোটি ডলার। এ খাতে প্রবৃদ্ধির হার ৪ দশমিক ৬০ শতাংশ।
সব মিলিয়ে দেশের মোট তৈরি পোশাক রফতানিতে নিট পণ্যের অংশ দাঁড়িয়েছে ৫৬ দশমিক ২ শতাংশ। অর্থাৎ সামগ্রিক পোশাক রফতানিতে নিট পণ্যের অবদান এখনো বেশি।
যুক্তরাষ্ট্রের বাজারে সর্বোচ্চ প্রবৃদ্ধি
বাজারভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি এসেছে যুক্তরাষ্ট্রের বাজার থেকে। চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি আয় বেড়েছে ১০ দশমিক ১৬ শতাংশ। এ চার মাসে রফতানি আয় দাঁড়িয়েছে ২৮৫ কোটি ডলারে। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২৫৮ কোটি ৭১ লাখ ডলার।
যুক্তরাষ্ট্রের বাজারে নিট ও ওভেন—উভয় ধরনের পোশাকের রফতানিই বেড়েছে। নিট পোশাক রফতানি ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১০ কোটি ডলারে। অন্যদিকে ওভেন পোশাক রফতানি বেড়েছে ১০ দশমিক ২২ শতাংশ। এ খাতে আয় হয়েছে ১৭৫ কোটি ডলার।
বাংলাদেশের মোট তৈরি পোশাক রফতানিতে যুক্তরাষ্ট্রের বাজারের অংশ বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৭৩ শতাংশে। আগের অর্থবছরের একই সময়ে এ অংশ ছিল ১৯ দশমিক ৯২ শতাংশ। বিশেষ করে বাংলাদেশের মোট ওভেন পোশাক রফতানির প্রায় ২৯ শতাংশই যাচ্ছে যুক্তরাষ্ট্রের বাজারে।
ইউরোপীয় ইউনিয়নে প্রবৃদ্ধি কম, শীর্ষ বাজার এখন স্পেন
জাহাজ পথে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তাানীর সময়
বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রফতানি বাজার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে এ বাজারে রফতানি প্রবৃদ্ধির গতি তুলনামূলক ধীর ছিল।
জুলাই-অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে পোশাক রফতানি করে বাংলাদেশ আয় করেছে ৬৪৩ কোটি ১৭ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭৯ শতাংশ।
তবে দেশের মোট পোশাক রফতানিতে ইউরোপীয় ইউনিয়নের অংশ কমে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৭৯ শতাংশে। গত অর্থবছরের একই সময়ে এ অংশ ছিল ৪৮ দশমিক ১৭ শতাংশ।
ইইউর বাজারে নিট পোশাক রফতানি বেড়েছে ৪ দশমিক ২৮ শতাংশ। বিপরীতে ওভেন পোশাক রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক ২৯ শতাংশ।
ইউরোপের দেশভিত্তিক বাজার বিশ্লেষণে নতুন চিত্র দেখা গেছে। জার্মানিকে ছাড়িয়ে স্পেন এখন ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের সবচেয়ে বড় একক পোশাক রফতানি বাজারে পরিণত হয়েছে।
আলোচ্য চার মাসে স্পেনে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১৩ দশমিক ৩৬ শতাংশ। দেশটিতে রফতানি আয় দাঁড়িয়েছে ১৪৪ কোটি ৮০ লাখ ডলারে। অন্যদিকে জার্মানিতে রফতানি আয় প্রায় অপরিবর্তিত থেকে হয়েছে ১৪৩ কোটি ৯০ লাখ ডলার।
ইউরোপের অন্যান্য বাজারের মধ্যে নেদারল্যান্ডসে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ৮ দশমিক ৬৮ শতাংশ, পোল্যান্ডে ২ দশমিক ৮৫ শতাংশ এবং সুইডেনে ১০ দশমিক ৫৯ শতাংশ। রোমানিয়ায় রফতানি প্রবৃদ্ধি হয়েছে উল্লেখযোগ্য ৪৫ দশমিক ২৮ শতাংশ।
তবে ইউরোপের কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারে বাংলাদেশের পোশাক রফতানি কমেছে। এর মধ্যে ফ্রান্সে ৭ দশমিক ৮৭ শতাংশ, ইতালিতে ৪ দশমিক ২৯ শতাংশ, ডেনমার্কে ১২ দশমিক ১০ শতাংশ এবং বেলজিয়ামে ২ দশমিক ১৪ শতাংশ রফতানি আয় কমেছে।
যুক্তরাজ্য ও কানাডার বাজারেও রফতানি বেড়েছে
ইউরোপীয় ইউনিয়নের বাইরে যুক্তরাজ্যের বাজারেও বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি হয়েছে।
জুলাই-অক্টোবর সময়ে যুক্তরাজ্যে পোশাক রফতানি আয় বেড়েছে ৬ দশমিক ৯২ শতাংশ। এ চার মাসে দেশটিতে রফতানি আয় হয়েছে ১৬৪ কোটি ডলার।
তবে পণ্যের ধরন অনুযায়ী রফতানিতে ভিন্ন চিত্র দেখা গেছে। যুক্তরাজ্যে নিট পোশাক রফতানি বেড়েছে ১১ দশমিক ৩০ শতাংশ। বিপরীতে ওভেন পোশাক রফতানি কমেছে ১ দশমিক ৭৮ শতাংশ।
অন্যদিকে কানাডার বাজারে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ২ দশমিক ৪১ শতাংশ। আলোচ্য চার মাসে দেশটিতে রফতানি আয় হয়েছে ৪৫ কোটি ২৯ লাখ ডলার।
অপ্রচলিত বাজারে তুরস্কের রফতানি বেড়েছে ১০৭ শতাংশ
প্রচলিত বড় বাজারের পাশাপাশি অপ্রচলিত বাজারগুলোতেও বাংলাদেশের পোশাক রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে এসব বাজারে রফতানি আয় দাঁড়িয়েছে ২৩৭ কোটি ১৬ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এ আয় বেড়েছে ৯ দশমিক ৩০ শতাংশ।
দেশের মোট তৈরি পোশাক রফতানিতে অপ্রচলিত বাজারগুলোর অংশ বেড়ে দাঁড়িয়েছে ১৭ দশমিক ২৫ শতাংশে। গত অর্থবছরের একই সময়ে এ অংশ ছিল ১৬ দশমিক ৭০ শতাংশ।
অপ্রচলিত বাজারগুলোর মধ্যে সবচেয়ে বেশি চমক দেখিয়েছে তুরস্ক। দেশটিতে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১০৭ দশমিক ০৫ শতাংশ। জুলাই-অক্টোবর সময়ে তুরস্কে রফতানি আয় হয়েছে ২০ কোটি ৬৫ লাখ ডলার। আগের অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ৯ কোটি ৯৭ লাখ ডলার।
অপ্রচলিত বাজারগুলোতে বাংলাদেশের মোট রফতানি বৃদ্ধির প্রায় ৫৩ শতাংশ এসেছে শুধু তুরস্কের বাজার থেকে।
দেশটিতে নিট পোশাক রফতানি বেড়েছে ১১৭ দশমিক ১১ শতাংশ। অন্যদিকে ওভেন পোশাক রফতানি বেড়েছে ৯২ দশমিক ৭৪ শতাংশ।
তবে অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান এখনো বাংলাদেশের সবচেয়ে বড় রফতানি বাজার। দেশটিতে পোশাক রফতানি বেড়েছে ২ দশমিক ৪০ শতাংশ। এ চার মাসে জাপানে রফতানি আয় হয়েছে ৪৩ কোটি ৭৩ লাখ ডলার।
এ ছাড়া মেক্সিকোতে বাংলাদেশের পোশাক রফতানি বেড়েছে ১৫ দশমিক ৬৯ শতাংশ, সংযুক্ত আরব আমিরাতে ১৯ দশমিক ৮৯ শতাংশ, ব্রাজিলে ৩৬ দশমিক ৭৯ শতাংশ এবং দক্ষিণ আফ্রিকায় ১৫ দশমিক ২৪ শতাংশ।
অন্যদিকে অপ্রচলিত কয়েকটি বাজারে রফতানি কমেছে। এর মধ্যে ভারতে ৫ দশমিক ৩৮ শতাংশ, চীনে ৩ দশমিক ১৭ শতাংশ, রাশিয়ায় ১৬ দশমিক ০৪ শতাংশ এবং নিউজিল্যান্ডে ১০ দশমিক ৫৫ শতাংশ রফতানি আয় কমেছে।
ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমছে
বাংলাদেশী তৈরি পোশাক শিল্প রপ্তানির প্রক্রিয়াকরনে কর্মরত শ্রমিকেরা
বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজারের সম্মিলিত অংশ এখনো সবচেয়ে বেশি। তবে চলতি অর্থবছরের প্রথম চার মাসে এ দুই বাজারের ওপর নির্ভরতা সামান্য কমেছে।
জুলাই-অক্টোবর সময়ে বাংলাদেশের মোট পোশাক রফতানির ৬৭ দশমিক ৫ শতাংশ গেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের বাজারে। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ৬৮ দশমিক ১ শতাংশ।
অর্থাৎ ইউরোপের বাজারে প্রবৃদ্ধির গতি কমে আসা এবং অপ্রচলিত বাজারগুলোতে রফতানি বাড়ার কারণে দেশের পোশাকশিল্পের বড় দুই বাজারের ওপর নির্ভরতা কিছুটা কমেছে।
ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম চার মাসে দেশের মোট পোশাক রফতানি বেড়েছে প্রায় ৭৫ কোটি ৬০ লাখ ডলার। এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রের বাজার থেকেই অতিরিক্ত ২৬ কোটি ২৯ লাখ ডলারের রফতানি আয় এসেছে। মোট রফতানি বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের অবদান প্রায় ৩৫ শতাংশ।
অন্যদিকে অপ্রচলিত বাজারগুলোর অবদান প্রায় ২৭ শতাংশ, ইউরোপীয় ইউনিয়নের ২৩ শতাংশ এবং যুক্তরাজ্যের ১৪ শতাংশ।
বাজার সম্প্রসারণের পাশাপাশি পণ্যের বৈচিত্র্য বাড়ানোর পরামর্শ
দেশের পোশাক রফতানিতে সামগ্রিক প্রবৃদ্ধি এবং নতুন বাজারে রফতানি বৃদ্ধিকে ইতিবাচক হিসেবে দেখছেন খাতসংশ্লিষ্টরা। তবে দীর্ঘমেয়াদে এ প্রবৃদ্ধি ধরে রাখতে হলে নতুন বাজার সম্প্রসারণের পাশাপাশি পণ্যের বৈচিত্র্য, গুণগত মান ও উৎপাদন সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।
বিজিএমইএর সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বাংলা ট্রিবিউনকে বলেন, বাংলাদেশের পোশাক রফতানিতে ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি ইতিবাচক। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বাজারে ১০ শতাংশের বেশি এবং অপ্রচলিত বাজারগুলোতে ৯ দশমিক ৩০ শতাংশ রফতানি প্রবৃদ্ধি আশাব্যঞ্জক।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারের ওপর বাংলাদেশের পোশাকশিল্পের অতিরিক্ত নির্ভরতা রয়েছে। সেই জায়গা থেকে অপ্রচলিত বাজারে রফতানি বৃদ্ধি বাজার সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। তুরস্ক, জাপান, অস্ট্রেলিয়া, ব্রাজিল ও সংযুক্ত আরব আমিরাতের মতো বাজারে বাংলাদেশের পোশাকের চাহিদা বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
তবে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রবৃদ্ধি মাত্র ২ দশমিক ৭৯ শতাংশে সীমাবদ্ধ থাকা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ দেশে রফতানি কমে যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
মহিউদ্দিন রুবেল বলেন, ইউরোপ এখনো বাংলাদেশের সবচেয়ে বড় পোশাক রফতানি বাজার। সেখানে ক্রেতাদের চাহিদা, ভোক্তাদের ক্রয়ক্ষমতা এবং বৈশ্বিক প্রতিযোগিতার বিষয়গুলো বিবেচনায় নিয়ে পণ্যের বৈচিত্র্য ও গুণগত মান বাড়াতে হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের বাজারে ভালো প্রবৃদ্ধি ধরে রাখার পাশাপাশি নতুন বাজার তৈরির ওপর জোর দিতে হবে। শুধু রফতানির পরিমাণ বাড়ালেই হবে না, পণ্যের মূল্য সংযোজন, উৎপাদনশীলতা ও মুনাফাও বাড়াতে হবে।
এ জন্য জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ব্যবসার ব্যয় নিয়ন্ত্রণ এবং নীতিগত সহায়তা অব্যাহত রাখা জরুরি। একই সঙ্গে উচ্চমূল্যের ও বৈচিত্র্যময় পোশাক উৎপাদনে বিনিয়োগ বাড়াতে হবে।
তার মতে, রফতানি প্রবৃদ্ধিকে দীর্ঘমেয়াদে টেকসই করতে হলে বাজার সম্প্রসারণের পাশাপাশি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।
সামনে নতুন বাজার ও প্রতিযোগিতা সক্ষমতার চ্যালেঞ্জ
সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম চার মাসে বাংলাদেশের তৈরি পোশাক রফতানিতে ৫ দশমিক ৮২ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি এবং অপ্রচলিত বাজারে রফতানি বৃদ্ধির কারণে এ অগ্রগতি এসেছে।
বিশেষ করে তুরস্ক, ব্রাজিল, সংযুক্ত আরব আমিরাত ও মেক্সিকোর বাজারে রফতানি বৃদ্ধির ফলে বাংলাদেশের পোশাকশিল্পের বাজার সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
তবে ইউরোপীয় ইউনিয়নের মতো বড় বাজারে প্রবৃদ্ধির গতি কমে যাওয়া এবং ফ্রান্স, ইতালি, ডেনমার্ক, ভারত, চীন ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ বাজারে রফতানি হ্রাসের বিষয়টিও উদ্বেগের কারণ হয়ে উঠছে।
এ অবস্থায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান ধরে রাখতে নতুন বাজার অনুসন্ধান, পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি, উচ্চমূল্যের পোশাক উৎপাদন, মানোন্নয়ন এবং উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে প্রচলিত বাজারগুলোতে রফতানি প্রবৃদ্ধি ধরে রাখাও হবে দেশের তৈরি পোশাকশিল্পের অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
জেটিভি নিউজ বাংলা
সত্যের সঙ্গে, মানুষের পাশে…….
পাঠকদের মতামত ০টি
মডারেটেড ফোরাম